ভেনেজুয়েলার উত্তর উপকূলে বুধবার সন্ধ্যায় দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর দেশটির পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সাহায্য করতে প্রস্তুত, ইচ্ছুক ও সক্ষম এবং সব সরকারি সংস্থাকে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন। ভয়াবহ এই দুর্যোগের পর ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, প্রথম ভূমিকম্পটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে কারাকাস থেকে ২৮৪ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে ৭ দশমিক ২ মাত্রায় আঘাত হানে, এরপর মাত্র ৩৯ সেকেন্ড পর ইউমারের কাছে ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প ঘটে। ট্রুহিলো, কারাবাও, মিরান্ডা ও লা গুয়াইরা রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইউএসজিএসের হিসাব অনুযায়ী, মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়ানোর সম্ভাবনা ৪৪ শতাংশ এবং ১ লাখ ছাড়ানোর সম্ভাবনা ৩০ শতাংশ।
মার্কিন আন্ডার সেক্রেটারি জেরেমি লেউইন জানিয়েছেন, অনুসন্ধান ও উদ্ধারকারী দল, চিকিৎসা সামগ্রী এবং মানবিক সহায়তা পাঠাতে একটি বিশেষ টাস্কফোর্স প্রস্তুত করা হয়েছে। উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার লান্দাউ ভেনেজুয়েলার জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।