প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সব উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল আগামী পাঁচ বছরের মধ্যে ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা দিয়েছেন। বুধবার জাতীয় সংসদে বক্তব্যে তিনি বলেন, প্রতিটি উপজেলা হাসপাতালে আরও ১০০টি নতুন শয্যা যুক্ত করা হবে এবং এ সিদ্ধান্ত এক থেকে দুই সপ্তাহের মধ্যে দরপত্র প্রক্রিয়ায় যাবে। তিনি ৩০০ আসনের সব সংসদ সদস্যের জন্য এটিকে সুখবর হিসেবে তুলে ধরেন।
ঢাকা-৪ আসনের একজন সংসদ সদস্যের উত্থাপিত স্বাস্থ্যসেবা-সংক্রান্ত সমস্যার সূত্র ধরে প্রধানমন্ত্রী বলেন, বিষয়টি শুধু ওই আসনের নয়, সারা দেশের। তিনি জানান, উপজেলা হাসপাতালগুলোর প্রথম ৩০ শয্যা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন। পরে ১৯৯১ সালে বেগম খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর আরও ২০ শয্যা যুক্ত করে হাসপাতালগুলো ৫০ শয্যায় উন্নীত করা হয়।
বিগত সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, মানসম্মত দেশীয় স্বাস্থ্যসেবা গড়ে তোলা হয়নি এবং মানুষকে একটি বিশেষ দেশে চিকিৎসা নিতে বাধ্য করা হয়েছিল। তিনি একটি পরিসংখ্যান উল্লেখ করে বলেন, শয্যাসংকটে প্রায় ৪০ লাখ মানুষ বারান্দা ও মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন। তিনি আরও জানান, গত কয়েক মাসে সরকার সারা দেশে প্রায় সাড়ে তিন হাজার নতুন শয্যা যুক্ত করেছে এবং উপজেলা হাসপাতাল সম্প্রসারণে প্রান্তিক মানুষের চিকিৎসাসংকট কমবে বলে আশা প্রকাশ করেন।