সৌদি আরবে সাম্প্রতিক ধারাবাহিক হামলায় আহত বাংলাদেশিদের খোঁজ নিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা হাসপাতালে গেছেন। পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদিতে থাকা এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হোসাইন সিএফের নেতৃত্বে সোমবার রিয়াদে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের সৌদি আরব শাখার নেতারা আহতদের দেখতে যান। রিয়াদে চিকিৎসাধীন আহতদের সঙ্গে ভিডিওকলে কথা বলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এমপি।
আখতার হোসেন আহতদের চিকিৎসার খোঁজ নেন এবং দ্রুত সুস্থতা কামনায় দোয়া করেন। আকরাম হোসাইন সিএফ বলেন, আহত বাংলাদেশিদের বিভিন্ন হাসপাতালে রাখা হয়েছে এবং অনেকে এখনো আইসিইউতে রয়েছেন। শুরুতে দূতাবাস থেকে সাড়া না মিললেও এখন কর্মকর্তারা যথেষ্ট আন্তরিকতার সঙ্গে কাজ করছেন বলে তিনি জানান। তাঁর ভাষ্য অনুযায়ী, সৌদি সরকার চিকিৎসা দিচ্ছে এবং সেখানে চিকিৎসাসেবা বাংলাদেশ থেকেও ভালো।
আকরাম হোসাইন সিএফ নিহতদের ক্ষতিপূরণ এবং আহতদের দীর্ঘমেয়াদি চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানান। রিয়াদ ও দাম্মামে হামলা বেশি হচ্ছে উল্লেখ করে তিনি বাংলাদেশিদের জন্য আলাদা নিরাপত্তাব্যবস্থার আহ্বান জানান। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকর ভূমিকা, প্রবাসীদের জন্য দ্রুত দূতাবাস সেবা এবং সৌদি সরকারের সঙ্গে ক্ষতিপূরণ, পুনর্বাসন ও আকামা নবায়নের হার কমানো নিয়ে আলোচনার কথাও বলেন।