জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানায় দায়ের হওয়া তরিকুল ইসলাম রুবেল হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তদন্ত কর্মকর্তার আবেদনের পর বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম এ আদেশ দেন। কলিমুল্লাহর আইনজীবী মহসিন রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
শুনানিতে আসামিপক্ষের আইনজীবী বলেন, কলিমুল্লাহর কোনো রাজনৈতিক পদ নেই এবং তিনি একজন অধ্যাপক। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বলেন, কলিমুল্লাহ আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলেন এবং রুবেল হত্যায় তাঁর সম্পৃক্ততা রয়েছে। আদালতে কলিমুল্লাহ নিজে বলেন, ছাত্রজীবন বা শিক্ষকতা জীবনে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না।
গত বছরের ৭ আগস্ট মোহাম্মদপুরের বাসা থেকে গ্রেপ্তারের পর থেকে কলিমুল্লাহ কারাগারে আছেন। ৭ সেপ্টেম্বর কাফরুল থানার উপপরিদর্শক জহুরুল ইসলাম তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। মামলার বিবরণে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই কাফরুলে আন্দোলনকারীদের ওপর গুলি ও হামলার সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে তরিকুল ইসলাম রুবেল মারা যান।