প্রায় ৯৪ হাজার মেট্রিক টন এলপিজি গ্যাস বোঝাই দুটি ট্যাঙ্কার সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করে বর্তমানে ভারতের দিকে অগ্রসর হচ্ছে বলে দেশটির পেট্রোলিয়াম মন্ত্রণালয় জানিয়েছে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পতাকাবাহী এই জাহাজ দুটি চলতি সপ্তাহেই মুম্বাই বন্দরে পৌঁছাবে এবং সংকীর্ণ এই নৌপথ অতিক্রম করা সর্বশেষ জাহাজগুলোর মধ্যে রয়েছে।
এলএসইজি’র শিপ ট্র্যাকিং তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত মোট চারটি এলপিজি ট্যাঙ্কার প্রণালি পার হয়েছে এবং আরও তিনটি ট্যাঙ্কার বর্তমানে প্রণালীর পশ্চিমাংশে অবস্থান করছে। সরকারি তথ্যে বলা হয়েছে, পশ্চিম উপসাগরীয় অঞ্চলে বর্তমানে ১৮টি ভারতীয় পতাকাবাহী জাহাজ ও ৪৮৫ জন ভারতীয় নাবিক আটকা রয়েছেন।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এলপিজি আমদানিকারক দেশ হিসেবে ভারত গত বছর ৩৩ দশমিক ১৫ মিলিয়ন টন এলপিজি ব্যবহার করেছে। দেশটির মোট চাহিদার প্রায় ৬০ শতাংশ আমদানির মাধ্যমে পূরণ হয়, যার প্রায় ৯০ শতাংশই আসে মধ্যপ্রাচ্য থেকে।