রাজধানীর পল্টন থানায় বিএনপিকর্মী মকবুল হোসেন হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ও সেরনিয়াবাত মঈনউদ্দিন আহাম্মেদ আব্দুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম আবেদন মঞ্জুর করে দুই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই তোফাজ্জল হোসেন তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানির আগে দুই আসামিকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর সুমন বলেন, আসামিরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। অন্যদিকে মোরশেদ হোসেন শাহীনসহ আসামিপক্ষের কয়েকজন আইনজীবী তাদের গ্রেপ্তার না দেখানোর পক্ষে শুনানি করেন।
সুলতান মনসুর আদালতে বলেন, জুলাই আন্দোলনের সময় তিনি সপরিবারে দেশের বাইরে ছিলেন এবং ঘটনাটি ২০২২ সালের, যখন তিনি গণফোরামের সঙ্গে ছিলেন। মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সালের ৭ ডিসেম্বর বিএনপির নয়াপল্টন কার্যালয়ের পাশে নেতাকর্মীদের ওপর হামলায় মকবুল গুলিবিদ্ধ হয়ে মারা যান। ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন।