Web Analytics
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের নেতাকর্মীদের কথিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে। এনসিপির বিবৃতিতে বলা হয়েছে, রোববার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে হামলায় চার সাংবাদিক ও কয়েকজন সাধারণ শিক্ষার্থী গুরুতর আহত হন।

সংবাদমাধ্যমে প্রকাশিত বিবরণ উল্লেখ করে এনসিপি বলেছে, ফেসবুক পোস্টের একটি মন্তব্যকে কেন্দ্র করে বিরোধের জেরে নেতাকর্মীরা রামদা, চাপাতি, হকিস্টিক, পাইপ ও বেসবল ব্যাটসহ সেখানে অবস্থান নেন। পেশাগত দায়িত্ব পালন ও সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ওপর চড়াও হওয়ার অভিযোগ করা হয়েছে। হামলাকারীরা সাংবাদিকদের ‘পুঁতে ফেলার’ মতো হুমকিও দেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

আহতরা হলেন দৈনিক সমকালের মাঈনুল ইসলাম রাজু, দ্য ডেইলি স্টারের নূর আহসান মৃদুল, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আরিফ উজ্জামান কোরবান এবং আগামীর সময়ের জাহিদুল ইসলাম। জাহিদুল মাথায় গুরুতর আঘাত পেয়েছেন বলে এনসিপি জানিয়েছে। আহতদের প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে এবং পরে রামেকে পাঠানো হয়। এনসিপি দ্রুত গ্রেপ্তার, কঠোর শাস্তি ও ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।