‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’ ৯ম জাতীয় বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি ও জ্বালানি উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্য প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, ২৯ জানুয়ারি দেশের সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ এবং ৩০ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া ৪ ফেব্রুয়ারির মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে ৫ ফেব্রুয়ারি সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।
বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় বেতন কমিশন-২০২৫ গঠনের পর দ্রব্যমূল্য বারবার বেড়েছে, ফলে নতুন পে-স্কেল না এলে সরকারি কর্মচারীদের পক্ষে পরিবার নিয়ে টিকে থাকা কঠিন হবে। পে-স্কেল জারি না করলে কমিশন গঠন করে রাষ্ট্রীয় অর্থের অপচয় হয়েছে বলেও উল্লেখ করা হয়। জোটটি ‘দাবি আদায় ঐক্য পরিষদ’-এর ঘোষিত ২৮–২৯ জানুয়ারির বিক্ষোভ ও ৩০ জানুয়ারির সমাবেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে।
জোটের পক্ষ থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এসব কর্মসূচিতে ব্যাপক অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।