চাঁদাবাজির বিকল্প উদ্যোগ হিসেবে রাজধানীর বাংলামোটরে ‘পুনর্বাসন দানবক্স’ স্থাপন এবং গণভিক্ষা কর্মসূচির ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কর্মসূচির কথা জানান।
হাসনাত আবদুল্লাহ বলেন, চাঁদাবাজি বন্ধ ও প্রতিরোধের উদ্দেশ্যে সোমবার বিকেল ৪টায় বাংলামোটরে বিশেষ ‘পুনর্বাসন দানবক্স’ উন্মুক্ত করা হবে। পোস্টে তিনি ১৭ বছর ধরে সরকারদলীয় অনাহারী নেতাকর্মীদের জন্য গণভিক্ষা কর্মসূচির কথা উল্লেখ করেন।
পোস্টে তিনি বলেন, মানুষের এক টাকা দানও কাউকে চাঁদাবাজির পথ থেকে দূরে রাখতে পারে। নাগরিক পার্টির এই নেতা দেশবাসীকে দান করার আহ্বান জানিয়ে বলেন, চাঁদাবাজি বন্ধে এবং ১৭ বছরের অভুক্ত চাঁদাবাজদের জাতীয় পুনর্বাসনে অংশ নিতে পারেন সবাই।