সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ, তার ভাই মাহের আল আসাদ এবং দক্ষিণ সিরিয়ার দারা প্রদেশের সাবেক রাজনৈতিক নিরাপত্তা প্রধান আতেফ নাজিবকে মৃত্যুদণ্ড দিয়েছে দামেস্কের একটি ফৌজদারি আদালত। মঙ্গলবার ঘোষিত রায়ে বাশার আল আসাদকে শিশুসহ একাধিক ব্যক্তিকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা, নির্যাতন, নির্বিচারে আটক এবং মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করা হয়।
আতেফ নাজিবের বিরুদ্ধে হত্যা, নির্যাতন ও নির্বিচারে আটক, গুলি ব্যবহার করে শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে অংশগ্রহণ এবং আটককেন্দ্রে পদ্ধতিগত গণহত্যা ও নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। আদালতের ভাষ্য অনুযায়ী, তদন্ত এবং সাক্ষীদের সাক্ষ্য থেকে প্রমাণিত হয়েছে যে ২০১১ সালে দারায় বিক্ষোভ শুরুর পর আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নিরাপত্তা অভিযানে নাজিব জড়িত ছিলেন।
নাজিবের বিচার তার উপস্থিতিতে হয়েছে, তবে বাশার ও মাহের আল আসাদের বিচার হয়েছে তাদের অনুপস্থিতিতে। চতুর্থ ফৌজদারি আদালত বাশার ও মাহের আল আসাদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে গ্রেপ্তারি অভিযান চালানোর নির্দেশ দিয়েছে। ২০২৪ সালে বর্তমান প্রেসিডেন্ট আহমাদ আল শারার নেতৃত্বাধীন যোদ্ধাদের ১১ দিনের অভিযানে আল আসাদ সরকারের পতন ঘটে; এরপর তিনি মস্কোতে পালিয়ে যান।