ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ছয়টি খোলা মাঠে নিবন্ধিত হকারদের পুনর্বাসনের জন্য অস্থায়ী মার্কেট গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। শনিবার গুলশানে এক নগর সংলাপে ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান জানান, নির্ধারিত স্থানে নিবন্ধনের মাধ্যমে হকারদের বসানো হবে এবং রক্ষণাবেক্ষণের জন্য নির্দিষ্ট ফি নেওয়া হবে। দোকানগুলো ট্রলির মতো চলনযোগ্য হতে হবে, কোনো স্থায়ী বা অস্থায়ী স্থাপনা করা যাবে না।
তিনি বলেন, আগে যেখানে ২০০ হকার ছিল, এখন তা বেড়ে প্রায় দুই হাজারে দাঁড়িয়েছে, ফলে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে এবং হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স চলাচলও বাধাগ্রস্ত হচ্ছে। নগর ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক সম্পৃক্ততা ও খালে বর্জ্য ফেলা রোধে জরিমানার বিষয়েও কথা বলেন।
সংলাপে রাজউক, ওয়াসা ও নগর উন্নয়ন বিশেষজ্ঞরা ঢাকার দূষণ, অব্যবস্থাপনা ও অবকাঠামোগত সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সমন্বিত নগর শাসন কাঠামো ও কঠোর আইন প্রয়োগের আহ্বান জানান।