বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তালিকাভুক্ত কোম্পানির একীভূতকরণ, বিভাজন, একত্রীকরণ ও অধিগ্রহণের জন্য নতুন বিধিমালার খসড়া প্রকাশ করেছে। শনিবার বিএসইসির ওয়েবসাইটে প্রকাশিত এই খসড়ার ওপর আগামী দুই সপ্তাহের মধ্যে অংশীজনদের মতামত চাওয়া হয়েছে। কমিশন জানিয়েছে, অতীতে করপোরেট পুনর্গঠনে বিধিমালা না থাকায় অপব্যবহার ঘটেছিল, যা সাধারণ শেয়ারহোল্ডারদের ক্ষতির কারণ হয়। নতুন বিধিমালা তাদের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে প্রণয়ন করা হয়েছে।
বিধিমালায় ব্যাকডোর লিস্টিং বা রিভার্স টেকওভার নিষিদ্ধ করা হয়েছে এবং কোনো স্কিম গ্রহণে সাধারণ শেয়ারহোল্ডারদের অন্তত ৭৫ শতাংশের অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে। মূল্যায়নের জন্য বিএসইসির অনুমোদিত প্যানেলভুক্ত স্বাধীন অডিট ফার্ম বা মার্চেন্ট ব্যাংকার নিয়োগ দিতে হবে। খসড়ায় মূল্যায়ন পদ্ধতি, ডিসকাউন্টরেট, টার্মিনাল গ্রোথরেট, অডিট রিপোর্ট, ভ্যাট রিটার্ন, কর্মচারী সুবিধা ও কর দায়বদ্ধতা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।
বিএসইসি ও স্টক এক্সচেঞ্জের পর্যবেক্ষণ শেষে শেয়ারহোল্ডারদের সম্মতি ও আদালতের অনুমোদন নিতে হবে। এই বিধিমালা করপোরেট পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়ক হবে।