চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার অধিরনেংড়া মোড়ে সোমবার রাতে এক গৃহশিক্ষিকাকে টিউবওয়েলের হাতলের আঘাতে হত্যা করা হয়েছে। নিহত মরিয়ম বেগম ওই এলাকার চৌকাপাড়া মহল্লার আবুল কালামের স্ত্রী। তিনি ছাত্রীকে পড়াতে ফমি খাতুনের বাড়িতে গেলে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং অভিযুক্ত ফমি খাতুনের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফমির বিরুদ্ধে পূর্বেও নারীদের অজ্ঞান করে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ ছিল। ধারণা করা হচ্ছে, মরিয়মের স্বর্ণালংকার নেওয়ার উদ্দেশ্যেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন জানান, মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।