সাভারে গণস্বাস্থ্য কেন্দ্র ও গণ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তারা জানান, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের কারণে প্রচলিত ৩৬টি অ্যান্টিবায়োটিক কার্যকারিতা হারিয়েছে। গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. মাহমুদুল হাসান শিকদার মূল প্রবন্ধে বলেন, বৈশ্বিক যোগাযোগ বৃদ্ধি, পরিবেশগত পরিবর্তন ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস নতুন রোগের বিস্তার বাড়াচ্ছে।
গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের অধ্যাপক ডা. ফরিদা ইয়াসমিন জানান, ৩৬টি অ্যান্টিবায়োটিক সাধারণ সংক্রমণে আর কার্যকর নয় এবং নতুন ৬টি অ্যান্টিবায়োটিকও আশাব্যঞ্জক ফল দিচ্ছে না। তিনি চিকিৎসকদের অযথা অ্যান্টিবায়োটিক ব্যবহার বন্ধের আহ্বান জানান এবং রোগীদের সঠিক ডোজ ও পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে সচেতন করার পরামর্শ দেন।
গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. আবুল হোসেন বলেন, প্রয়াত ডা. জাফরুল্লাহ চৌধুরীর শুরু করা প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের লড়াই এগিয়ে নিতে সবাইকে একসাথে কাজ করতে হবে।