বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি বলেছেন, সরকারি দল ও বিরোধী দল একে অপরের শত্রু নয়, বরং দেশের উন্নয়নে সহায়ক হওয়া উচিত। তিনি বলেন, সরকার ভুল করলে বিরোধী দল তা ধরিয়ে দেবে এবং সরকার তা সংশোধন করবে, তবেই গণতন্ত্র সুসংহত হবে। তিনি আরও উল্লেখ করেন, দেশের স্থিতিশীলতা না এলে উন্নয়ন ব্যাহত হবে, যা কেউই চায় না।
তিনি শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস, বাংলাদেশ (এফইএবি)’ ঢাকা মহানগরী দক্ষিণের আয়োজিত ‘রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অধ্যাপক মুজিবুর রহমান বলেন, প্রকৌশলীরা দেশের মেধাবী জনগোষ্ঠীর অন্যতম এবং তারা যদি সত্যনিষ্ঠ ও আল্লাহভীরু হন, তাহলে দেশে ঘুষ ও দুর্নীতি অনেকাংশে কমে আসবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী মো. মনিরুজ্জামান এবং উপস্থিত ছিলেন ড. মু. শফিকুল ইসলাম মাসুদ এমপি ও ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফাসহ অন্যান্য অতিথিরা।