টাঙ্গাইলের গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন জেলা সিভিল সার্জন ডা. এস এম মাহবুবুল আলম। বুধবার সকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ, চিকিৎসকদের কক্ষ, পরীক্ষা-নিরীক্ষার বিভাগ ও রান্নাঘর ঘুরে দেখেন। পরে পুরুষ, মহিলা ও শিশু ওয়ার্ডে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসা, ওষুধ সরবরাহ, খাবারের মান এবং চিকিৎসকদের আচরণ সম্পর্কে খোঁজ নেন।
পরিদর্শনকালে রোগীদের মানসম্মত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। হাসপাতালের কোথাও অনিয়ম বা অব্যবস্থাপনা পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন সিভিল সার্জন। পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্বাস্থ্যসেবার মান বাড়াতে কর্মকর্তাদের দিকনির্দেশনা দেওয়া হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খাইরুল ইসলাম, আরএমও ডা. প্রিতম সরকারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
ডা. মাহবুবুল আলম বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের কিছু সংকট রয়েছে এবং প্রয়োজনীয় জনবল বাড়ানো দরকার। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা হবে। রোগীরা চিকিৎসাসেবা, খাবারের মান, চিকিৎসকদের আচরণ ও ওষুধ সরবরাহ নিয়ে সন্তোষজনক মতামত দিয়েছেন বলে তিনি জানান। সংযুক্তি থাকা কয়েকজন চিকিৎসক ঢাকায় কর্মরত থাকার বিষয়টিও কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তাঁদের কর্মস্থলে ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হচ্ছে।