ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা কেবল একটি দেশের বিরুদ্ধে অবৈধ অর্থনৈতিক যুদ্ধ নয়; এটি সব সরকারের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’র শামিল। ফারস নিউজ এজেন্সির বরাত দিয়ে আল-জাজিরা এ বক্তব্য জানায়। যুক্তরাষ্ট্র তেহরানের বিরুদ্ধে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেওয়ার পর ২২ আগস্ট ২০২৬ এ প্রতিক্রিয়া আসে।
বাঘাই বলেন, নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সব স্বাধীন সদস্যরাষ্ট্রের ওপর নিজের এখতিয়ার প্রতিষ্ঠার চেষ্টা করছে। তিনি একে বহির্দেশীয় সার্বভৌমত্ব চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেন। তাঁর মতে, কোনো সরকারের বিদেশি ব্যাংক, প্রতিষ্ঠান বা বিমানবন্দরকে তৃতীয় দেশের সঙ্গে বৈধ বাণিজ্য থেকে বিরত থাকতে বাধ্য করার অধিকার নেই।
ইরানি মুখপাত্র বলেন, এ ধরনের সেকেন্ডারি নিষেধাজ্ঞার আন্তর্জাতিক আইনে কোনো ভিত্তি নেই এবং তা জাতিসংঘ সনদের ২ নম্বর অনুচ্ছেদের ১ নম্বর দফায় স্বীকৃত রাষ্ট্রগুলোর সার্বভৌম সমতার নীতি লঙ্ঘন করে। তিনি অর্থনৈতিক চাপকে আন্তর্জাতিক অপরাধ ও অন্যায় কর্মকাণ্ড আখ্যা দেন। নৌ অবরোধ যুক্ত হলে অন্য রাষ্ট্রের সার্বভৌমত্ব অন্য শক্তির ইচ্ছানির্ভর হয়ে পড়বে বলেও তিনি সতর্ক করেন।