জামালপুরের মেলান্দহে নকল ভোজ্যতেল উৎপাদন ও বাজারজাত করার দায়ে শশী অয়েল মিল নামের একটি কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে মেলান্দহ পৌরসভার শাহজাতপুর এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে এই ব্যবস্থা নেওয়া হয়। প্রতিষ্ঠানের মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল আরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম। কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই তাদের লোগো ব্যবহার করে ভোজ্যতেল উৎপাদন করছিল। কারখানাটির কোনো বৈধ অনুমোদন বা কাগজপত্রও ছিল না।
অভিযানে ভেজাল সরিষার তেল উৎপাদন ও বাজারজাতের প্রমাণ পাওয়া গেছে বলে কর্মকর্তারা জানান। জিন্নাতুল আরার ভাষ্য অনুযায়ী, পরীক্ষায় তেলে ভেজালের প্রমাণ মেলায় কারখানায় থাকা সব ভেজাল তেল ফেলে দেওয়া হয়েছে। শরীফুল ইসলাম বলেন, আগে সংগ্রহ করা নমুনার পরীক্ষাগার প্রতিবেদনে তেলটির কোনো স্বীকৃত ভোজ্যতেলের পরিচয় পাওয়া যায়নি। তিনি জানান, সামান্য সরিষার তেলের সঙ্গে অন্যান্য উপাদান মিশিয়ে তেল বাজারজাত করা হচ্ছিল, যা মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর।