আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো সোমবার ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে শ্রমমান উন্নয়ন, সামাজিক সুরক্ষা, শ্রম সংস্কার এবং কর্মসংস্থান বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। হোংবো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন জানান এবং জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের প্রতি আন্তর্জাতিক আস্থা আরও দৃঢ় হয়েছে বলে মন্তব্য করেন।
বৈঠকে উভয় পক্ষ শ্রম খাতে চলমান সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেন। আইএলও মহাপরিচালক বাংলাদেশের কূটনৈতিক সাফল্যের প্রশংসা করেন এবং পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান। আলোচনায় শ্রমিকদের সামাজিক নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন এবং বৈশ্বিক শ্রমবাজারের পরিবর্তিত চাহিদা মোকাবিলায় মানবসম্পদ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধানমন্ত্রী শ্রমিকবান্ধব ও টেকসই কর্মপরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন, আর আইএলও মহাপরিচালক বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও সম্প্রসারণের প্রতিশ্রুতি দেন।