Web Analytics
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ শিক্ষার লক্ষ্যকে শুধু জিপিএ-৫ অর্জন বা পরীক্ষায় পাসের প্রতিযোগিতায় সীমাবদ্ধ না রাখার আহ্বান জানিয়েছেন। শনিবার সকালে সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর আলহাজ্ব আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্যে তিনি নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে শিক্ষার্থীদের গড়ে তোলার কথা বলেন।

তিনি বলেন, বিদ্যালয় শুধু পাঠ্যবই মুখস্থ করিয়ে সনদ দেওয়ার প্রতিষ্ঠান নয়; এটি চরিত্র, আত্মবিশ্বাস, মূল্যবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশের ক্ষেত্র। পরীক্ষার ফল গুরুত্বপূর্ণ হলেও তা শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্ধারণের একমাত্র মানদণ্ড নয়। ফলাফলের চাপ যেন নৈতিক শিক্ষা, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ড থেকে শিক্ষার্থীদের দূরে না সরায়, সে জন্য বিদ্যালয়ে খেলাধুলা, সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমের সুযোগ বাড়ানোর আহ্বান জানান তিনি।

সন্তান কার সঙ্গে মিশছে, স্কুল শেষে কোথায় যাচ্ছে, পড়াশোনায় কতটা মনোযোগী এবং স্মার্টফোনে কত সময় দিচ্ছে—এসব বিষয়ে অভিভাবকদের নিয়মিত খোঁজ রাখার পরামর্শ দেন আসলাম চৌধুরী। তিনি বলেন, শিক্ষক, পরিবার ও সমাজের সমন্বিত ভূমিকা ছাড়া দায়িত্বশীল প্রজন্ম গঠন সম্ভব নয়। অনুষ্ঠানে শিক্ষা, ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রমে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মেধা স্মারক, ক্রেস্ট ও পুরস্কার দেওয়া হয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।