বাংলাদেশ সরকার এস আলম গ্রুপের প্রতিষ্ঠাতা সাইফুল আলম ও তার পরিবারের করা আন্তর্জাতিক সালিসি মামলার বিরুদ্ধে লড়তে একটি ব্রিটিশ ল ফার্ম নিয়োগ দিচ্ছে। বিশ্বব্যাংকের অধীনস্থ ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউটস (আইসিএসআইডি)-এ মামলাটি চলছে। ল ফার্মটিকে ঘণ্টায় ১ হাজার ২৫০ মার্কিন ডলার ফি দিতে হবে। মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই নিয়োগ ও ব্যয়ের অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, এস আলম পরিবার লন্ডনে অর্থ পাচার সংক্রান্ত একটি মামলা করেছে এবং আইসিএসআইডিতে সরকারের পদক্ষেপকে চ্যালেঞ্জ করেছে। তিনি বলেন, আইসিএসআইডি থেকে নোটিশ এসেছে এবং বাংলাদেশকে জবাব দিতে হবে। বিষয়টি জটিল বলে উল্লেখ করেন তিনি। তিনি আরও জানান, একটি ব্রিটিশ ফার্ম নিয়োগ দেওয়া হবে, তবে নামটি তার মনে নেই।
গত বছরের অক্টোবরে এস আলম পরিবার আইসিএসআইডিতে মামলা করে অভিযোগ জানায় যে, অর্থ পাচারের অভিযোগে সরকারের সম্পদ জব্দ ও শাস্তিমূলক পদক্ষেপে তাদের শত শত কোটি ডলারের ক্ষতি হয়েছে। তারা সিঙ্গাপুরের নাগরিক হিসেবে আন্তর্জাতিক বিনিয়োগ সুরক্ষা এবং বাংলাদেশের ১৯৮০ সালের বিদেশি ব্যক্তিগত বিনিয়োগ আইনের অধীনে সুরক্ষা দাবি করেছে।