সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান-সমর্থিত হুথি সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই বাংলাদেশি রয়েছেন। শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে চার সৌদি নাগরিক ছাড়াও যুক্তরাষ্ট্র, মিসর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন ও সুদানের একজন করে নাগরিক রয়েছেন।
বিমানবন্দরের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ কারণে সাময়িকভাবে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধের পর উপসাগরীয় কোনো আরব দেশে এটি সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নিউইয়র্ক টাইমসের একজন প্রতিবেদক বিমানবন্দরের দিকে অন্তত ছয়টি অ্যাম্বুলেন্স যেতে দেখেছেন এবং পুলিশ প্রবেশপথ বন্ধ করে দেয়।
হুথিদের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ আল-বুখাইতি হামলার দায় স্বীকার করেছেন। তিনি বলেন, ইয়েমেনে সৌদি হামলার জবাব হিসেবে এ হামলা চালানো হয়েছে এবং সেখানে বেসামরিক অবকাঠামোও লক্ষ্যবস্তু হয়েছে। সৌদি কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। চলতি সপ্তাহের ধারাবাহিক হামলায় রিয়াদে আগামী কয়েক সপ্তাহে নির্ধারিত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আয়োজন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।