বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগকে দেশে পাওয়া গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষেও তাদের রক্ষা করা কঠিন হবে। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের কথিত আগুন-সন্ত্রাস, জ্বালাও-পোড়াও, ভাঙচুর, লুটপাট ও হত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
দুদু বলেন, বর্তমান পরিস্থিতিতে জনগণের হাতে শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ধরা পড়লে পরিস্থিতি কোথায় দাঁড়াবে, তা বলা কঠিন। তিনি আরও বলেন, নিজের দোষ ও অপশাসনের কারণেই শেখ হাসিনা দেশ ছেড়ে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছেন।
আওয়ামী লীগ সরকারের আমলে অর্থনীতি ভঙ্গুর অবস্থায় পৌঁছেছে দাবি করে তিনি তা পুনর্গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও উন্নয়নের স্বার্থে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার কথাও বলেন তিনি। সমাবেশে সভাপতিত্ব করেন জিসপ সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন; বিশেষ অতিথি ছিলেন হাবিবুর রহমান হাবিব ও মো. রাশেদ খাঁনসহ অন্য নেতারা।