Web Analytics
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন চানখারপুল থেকে বকশীবাজার পর্যন্ত পুরান ঢাকার এলাকায় মঙ্গলবার দুপুরে সমন্বিত অভিযান পরিচালনা করেছে। ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামের উপস্থিতিতে পরিচালিত এ অভিযানে অবৈধ দখল উচ্ছেদ, মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনা এবং ব্যবসাপ্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স যাচাই করা হয়।

অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দোকানপাট অপসারণ করা হয়। জনসাধারণের চলাচলের পথ নির্বিঘ্ন রাখা এবং নগরের সৌন্দর্য ও শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যেই এ কার্যক্রম বলে জানানো হয়। সম্ভাব্য মশার প্রজননস্থল চিহ্নিত করে লার্ভিসাইড প্রয়োগ করা হয় এবং প্রয়োজনীয় স্থানে মশক নিধন কার্যক্রম চালানো হয়। সড়ক, ফুটপাত ও আশপাশে জমে থাকা বর্জ্যও অপসারণ করা হয়।

বিভিন্ন দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স যাচাই করে বৈধ লাইসেন্স ছাড়া ব্যবসা এবং লাইসেন্সের শর্ত ভঙ্গের বিষয়ে সতর্ক করা হয়। প্রশাসক বলেন, প্রথমে সংশ্লিষ্টদের সতর্ক করে সময় দেওয়া হচ্ছে; নির্ধারিত সময়ে আইন অনুযায়ী ব্যবস্থা না নিলে পরবর্তী পর্যায়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে। ডিএসসিসি জানিয়েছে, দখলমুক্ত ফুটপাত, পরিচ্ছন্ন পরিবেশ, মশকমুক্ত নগর ও নিয়মতান্ত্রিক ব্যবসা নিশ্চিত করতে বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।