প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, নতুন প্রকল্প নেওয়া হলে মাদারীপুর-১ আসনে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। বৃহস্পতিবার জাতীয় সংসদে বিষয়টি নিয়ে আলোচনা হয়। মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা বিদেশগামী কর্মীদের দক্ষতা বাড়াতে এ কেন্দ্র স্থাপনের দাবি জানান।
হানজালা বলেন, তাঁর এলাকার অনেক তরুণ বিদেশে যেতে আগ্রহী হলেও প্রয়োজনীয় কারিগরি দক্ষতার অভাবে বিদেশে গিয়ে নানা সমস্যায় পড়েন। এ কারণে তারা কম মজুরিতে কাজ করতে বাধ্য হন বলেও তিনি উল্লেখ করেন। জবাবে প্রতিমন্ত্রী নুর জানান, সরকারের পক্ষ থেকে বর্তমানে ৫০টি প্রকল্পের জন্য নির্দিষ্ট এলাকা নির্ধারিত রয়েছে।
নুর বলেন, মাদারীপুর ও শরীয়তপুর অঞ্চল থেকে অনেক মানুষ অবৈধ পথে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন, যা প্রায়ই মর্মান্তিক দুর্ঘটনার জন্ম দেয়। অবৈধ পথে বিদেশ গমন ঠেকাতে এবং বৈধ উপায়ে বিদেশে যাওয়ার বিষয়ে মানুষকে সচেতন করতে তিনি হানজালাকে নিজ এলাকায় উদ্যোগী হয়ে প্রচার চালানোর আহ্বান জানান।