যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনা পুনরায় শুরু এবং নতুন সামরিক সংঘাত এড়ানোর লক্ষ্যে কাতারের মধ্যস্থতাকারীরা শুক্রবার তেহরানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে ১২ ঘণ্টার বেশি বৈঠক করেছেন। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ও তেহরানকে আবার আলোচনার টেবিলে ফেরাতে আগামী কয়েক দিনে কিছু পদক্ষেপে সম্মত করানোর চেষ্টা চলছে। সম্ভাব্য আলোচ্য বিষয়ের মধ্যে ইরানের পরমাণু কর্মসূচিও রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, জাতিসংঘের পরিদর্শকদের ইরানের পরমাণু স্থাপনাগুলোতে প্রবেশের অনুমতি দিতে তেহরানকে রাজি করানোর চেষ্টা করছে কাতার। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় এসব স্থাপনার অনেকগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিদর্শকদের প্রবেশাধিকার আস্থা তৈরির পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে এবং এর বিনিময়ে যুক্তরাষ্ট্র কিছু নিষেধাজ্ঞা শিথিল করতে পারে বলে মধ্যস্থতাকারীরা মনে করছেন।
এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, উভয় পক্ষের পাল্টাপাল্টি শর্তে অগ্রগতি থমকে আছে। ওয়াশিংটন পরমাণু কর্মসূচিতে ইরানের ছাড় চায়, আর তেহরান হরমুজ প্রণালিসংলগ্ন বন্দরগুলোতে নৌ অবরোধ প্রত্যাহার, জব্দ অর্থ ছাড় ও নিষেধাজ্ঞা শিথিলের দাবি জানিয়েছে। কূটনৈতিক সূত্র বলেছে, শুক্রবারের বৈঠকে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ রেখে ইতিবাচক অগ্রগতি হয়েছে। শনিবার দোহায় আবার আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।