বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বুধবার সিলেট নগরের কানশাইলে সুরমা নদীর তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন করেন। ‘সুরমা-কুশিয়ারা নদী অববাহিকার উন্নয়ন এবং বন্যা ও সমন্বিত পানি ব্যবস্থাপনা প্রকল্প (১ম পর্যায়)’–এর আওতায় এ কাজ হচ্ছে। তিনি জানান, সিলেটের দীর্ঘদিনের জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনে প্রায় ৪ হাজার ৭০০ কোটি টাকার একটি বড় প্রকল্প নেওয়া হয়েছে।
সরকারি উন্নয়নকাজে অনিয়ম ও দুর্নীতি ঠেকাতে স্থানীয় বাসিন্দাদের কাজের মান ও অগ্রগতি নিয়মিত তদারকির আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, স্থানীয় পর্যায়ে নাগরিক কমিটি গঠন করে নজরদারি করা যেতে পারে। এসব কমিটিতে স্থানীয় মসজিদের ইমাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রকৌশলী এবং এলাকার সচেতন বিশিষ্ট নাগরিকদের অন্তর্ভুক্ত করার কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, সুরমা ও চেঙ্গেরখালের নদীভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া তাদের নির্বাচনি ইশতেহারের প্রধান অঙ্গীকার ছিল। দায়িত্ব গ্রহণের পর পানিসম্পদমন্ত্রী শহিদউদ্দিন চৌধুরী এ্যানিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করা হয়। প্রকল্পের অন্যতম প্রধান অংশ হিসেবে সুরমা নদীর দুই তীরে ১৭ কিলোমিটার দীর্ঘ বাঁধ ও প্রতিরক্ষামূলক সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে।