জাপানে গত দুই সপ্তাহে অস্বাভাবিক মাত্রার ভারী তুষারপাতে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে বলে সরকারি কর্মকর্তারা মঙ্গলবার নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে ৯১ বছর বয়সী এক নারীও রয়েছেন, যাকে বাড়ির বাইরে প্রায় তিন মিটার উঁচু তুষারের নিচে চাপা অবস্থায় উদ্ধার করা হয়। উত্তরাঞ্চলীয় আওমোরি প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে কিছু এলাকায় প্রায় ৪.৫ মিটার পর্যন্ত তুষার জমে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকার সেনাবাহিনী মোতায়েন করেছে।
প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি মঙ্গলবার সকালে মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকে তুষারজনিত দুর্ঘটনা ও প্রাণহানি রোধে সব ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। কর্তৃপক্ষ জানিয়েছে, সাগর অব জাপান উপকূলে শক্তিশালী শীতল বায়ুপ্রবাহের কারণে স্বাভাবিকের তুলনায় দ্বিগুণেরও বেশি তুষার জমেছে। ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সির তথ্যমতে, ২০ জানুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত তুষারপাতজনিত দুর্ঘটনায় ৩০ জনের মৃত্যু হয়েছে।
আওমোরি প্রদেশের গভর্নর সোইচিরো মিয়াশিতা জানান, একা বসবাসকারী বয়স্কদের সহায়তায় সামরিক বাহিনীর সহায়তা নেওয়া হয়েছে এবং ছাদ ধস বা তুষারধসের ঝুঁকি এখন অত্যন্ত গুরুতর পর্যায়ে রয়েছে।