ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি অর্থনীতি শক্তিশালী করতে দেশীয় উৎপাদন বাড়ানো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং লেনদেনে ধীরে ধীরে মার্কিন ডলারের ব্যবহার কমানোর আহ্বান জানিয়েছেন। সরকারি সপ্তাহ উপলক্ষে শুক্রবার দেওয়া বার্তায় তিনি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকারের পদক্ষেপের প্রশংসা করেন।
খামেনি বলেন, যুক্তরাষ্ট্র-ইসরাইলি আগ্রাসন, নিষেধাজ্ঞা ও অবরোধের মধ্যেও সরকার জনগণের প্রয়োজনীয় পণ্য ও সেবা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিয়েছে। ক্ষতিগ্রস্ত গুরুত্বপূর্ণ স্থাপনা পুনরুদ্ধারেও সরকার কাজ করেছে বলে তিনি উল্লেখ করেন। অর্থনৈতিক সংকট মোকাবিলায় দেশীয় উৎপাদনের ওপর সর্বোচ্চ নির্ভরতার তাগিদ দেন তিনি; তবে অভ্যন্তরীণ উৎপাদন অপর্যাপ্ত হলে প্রয়োজন অনুযায়ী বিচক্ষণতার সঙ্গে আমদানি করতে বলেন।
তরুণ মেধাবীদের উদ্ভাবন এবং নতুন প্রযুক্তির ব্যবহারেও গুরুত্ব দিয়েছেন খামেনি। জাতীয় ঐক্য ও সামাজিক সংহতি বজায় রাখাকে মৌলিক দায়িত্ব আখ্যা দিয়ে সমাজে বিভাজন সৃষ্টি করে এমন কাজ এড়িয়ে চলার আহ্বান জানান তিনি। শিক্ষা, সংস্কৃতি ও মানবসম্পদ উন্নয়নকে সব সরকারি নীতিতে অগ্রাধিকার দেওয়ার কথাও বলেন তিনি।