মৌসুমের শুরুতেই অস্বাভাবিক বৃষ্টি ও জলাবদ্ধতায় সুনামগঞ্জের হাওরাঞ্চলে ধান কাটা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন কৃষকরা। ইতোমধ্যে প্রায় ৩ হাজার ১৮৯ হেক্টর জমি পানির নিচে চলে গেছে, ফলে কাঁচা ধান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। জমিতে পানি ও কাদা জমে থাকায় কৃষিযন্ত্র ব্যবহার ব্যাহত হচ্ছে, আর শ্রমিক সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
দেখার, ঝাওয়ার, শনির ও ছায়ার হাওরসহ বিভিন্ন এলাকায় নিচু জমির ধান ইতোমধ্যে ডুবে গেছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সুনামগঞ্জে ১৩৭টি হাওরে প্রায় ২ লাখ ২৩ হাজার ৫০৫ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়, যা থেকে বছরে প্রায় ১৪ লাখ মেট্রিক টন ধান উৎপাদিত হয়। তবে থেমে থেমে বৃষ্টিতে প্রায় ৩ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
জেলায় বর্তমানে ৫৭৭টি কম্বাইন্ড হারভেস্টার সচল রয়েছে এবং ১০৮টি মেরামতের অপেক্ষায়। জেলা প্রশাসন শ্রমিক সংকট মোকাবিলায় আশপাশের জেলা থেকে শ্রমিক আনার উদ্যোগ নিয়েছে এবং পর্যাপ্ত ডিজেল সরবরাহের জন্য মন্ত্রণালয়ে অনুরোধ জানিয়েছে।