উবার ও ওয়েমোর মতো প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের টেক্সাসে চালকবিহীন সাইবারক্যাব রোবোট্যাক্সি সেবা আনুষ্ঠানিকভাবে চালুর ঘোষণা দিয়েছে টেসলা। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি সেবাটির যাত্রা শুরুর কথা জানায়। ২০২৪ সালের অক্টোবরে প্রথম প্রদর্শিত সোনালি রঙের এই গাড়িতে ব্রেক, অ্যাক্সিলারেটর প্যাডেল বা স্টিয়ারিং হুইল নেই এবং এতে দুজন যাত্রী বসতে পারেন। টেসলার সদর দপ্তর অস্টিনে, যেখানে এরই মধ্যে সাইবারক্যাবকে রাস্তায় দেখা গেছে।
টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক এক্সে অস্টিনের আকাশে সাইবারক্যাবের বড় ছবি প্রকাশ করেন এবং বলেন, শহরজুড়ে বড় পরিসরে গাড়িটি দেখা যাবে। অস্টিনে টেসলার এক অনুষ্ঠানে অংশ নেওয়া আমন্ত্রিত অতিথিরাই প্রথম চালকবিহীন সাইবারক্যাবে চড়ার সুযোগ পান বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। শুক্রবার থেকে সাধারণ মানুষের জন্য সেবাটি চালুর কথা রয়েছে। অস্ট্রেলীয় পর্যটক গ্রাহাম স্প্রিগ বলেন, এটি ব্যক্তিগত গাড়ির মালিকানা থেকে পরিবহনকে সেবা হিসেবে ব্যবহারের দিকে পরিবর্তন আনতে পারে এবং বয়স্ক ও প্রতিবন্ধী মানুষের জন্য উপকারী হতে পারে।
টেক্সাসের মোটরযান বিভাগের তথ্যভিত্তিক এফএসডি ডেটাবেসের হিসাবে, বুধবার পর্যন্ত টেক্সাসে টেসলার নিবন্ধিত রোবোট্যাক্সি ছিল ৩১৪টি, যার ৪৫টি সাইবারক্যাব। টিডি সিকিউরিটিজের বিশ্লেষক ইতাই মিখায়েলির মতে, সেবাটি ধীরগতিতে শুরু হতে পারে এবং প্রাথমিক ব্যবহারকারীদের প্রতিক্রিয়া দেখে টেসলা পরে তা সম্প্রসারণ করতে পারে। টেসলা সাইবারক্যাবকে সবার জন্য পরিচ্ছন্ন পরিবহন সহজলভ্য করার উদ্যোগ হিসেবে বর্ণনা করেছে।