বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, সেনাসদস্যরা শিগগিরই ব্যারাকে ফিরবেন। বৃহস্পতিবার কুমিল্লা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর কেন্দ্রীয় ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেনাপ্রধান জানান, ইতোমধ্যে অনেক সেনাসদস্য ব্যারাকে ফিরেছেন, তবে এখনো ৬২টি জেলায় প্রায় ১৬ থেকে ১৭ হাজার সদস্য দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, সরকার যতদিন চাইবে, সেনাবাহিনী মাঠে থেকে বিভিন্ন দায়িত্ব পালন করবে, যার মধ্যে ফুয়েল ডিপোতেও ডেপলয়মেন্ট রয়েছে।
অনুষ্ঠানে জেনারেল ওয়াকার-উজ-জামান দেশ গঠনে ও জাতীয় স্থিতিশীলতা রক্ষায় সেনাবাহিনীর অবদান তুলে ধরেন। তিনি বলেন, ২০২৪ সালের ২০ জুলাই থেকে সেনাসদস্যরা দেশের প্রয়োজনে নিষ্ঠার সঙ্গে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করে আসছেন।
১৬ মে শুরু হওয়া কেন্দ্রীয় ফায়ারিং প্রতিযোগিতায় বিভিন্ন ফরমেশন, লজিস্টিকস এরিয়া, পাঁচটি স্বতন্ত্র ব্রিগেড এবং প্যারা কমান্ডো ব্রিগেডসহ মোট ১৭টি দল অংশ নেয়।