প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বছর থেকে অমর একুশে বইমেলাকে আন্তর্জাতিকভাবে আয়োজনের সম্ভাবনা বিবেচনা করার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমিতে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই প্রস্তাব দেন। তিনি বলেন, ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে একুশে বইমেলা আমাদের মাতৃভাষার মর্যাদা রক্ষার প্রতীক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, একুশে এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বব্যাপী পালিত হচ্ছে। তিনি মনে করেন, বইমেলাকে আন্তর্জাতিক রূপ দিলে নাগরিকরা বিশ্বসাহিত্য, বিভিন্ন ভাষা ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন। জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জনের মাধ্যমে জ্ঞানভিত্তিক সমাজ গঠনের ওপরও তিনি গুরুত্ব দেন।
তিনি আরও বলেন, জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে বাংলার স্বীকৃতি আদায়ের জন্য এখন থেকেই কাজ শুরু করা প্রয়োজন।