এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, দেশের ১৮ থেকে ২০ বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে। তবে এসব নথিবদ্ধ করা সময়সাপেক্ষ। এখন সেই কাজ চলছে। সবকিছু ঠিকঠিকভাবে সম্পন্ন করা গেলে পরবর্তীতে সেসব ফেরত আনতে উদ্যোগ নেওয়া হবে। গভর্নর বলেন, পাচার হওয়া অর্থ ফেরত আনার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। যৌথ তদন্ত দল কাজ করছে। প্রয়োজনে আরও দল করা হবে। জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে ব্যাংকসহ রিপোর্ট প্রদানকারী সংস্থাগুলো থেকে সর্বমোট ১৭ হাজার ৩৪৫টি সন্দেহজনক লেনদেন কার্যক্রম সংক্রান্ত প্রতিবেদন গ্রহণ করেছে বিএফআইইউ, যা পূর্ববর্তী অর্থবছরের তুলনায় প্রায় ২২ দশমিক ৯৬ শতাংশ বেশি।