হুথি বিদ্রোহীরা দাবি করেছে, বৃহস্পতিবার সৌদি আরব ইয়েমেনের রাজধানী সানা এবং সাদা, তাইজ ও আমরান প্রদেশের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় কোন স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে, হতাহতের সংখ্যা বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তারা কোনো তথ্য দেয়নি।
ইয়েমেনের সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে হুথিদের অবস্থান ও সমাবেশস্থল লক্ষ্য করে ২৭টি বিমান হামলা চালানো হয়েছে। বাহিনীর মুখপাত্র কর্নেল মাজিদ আবদুল্লাহ আল-নুজাইলি বলেন, ক্ষেপণাস্ত্রের গুদাম, কমান্ড ও নিয়ন্ত্রণকেন্দ্র, অস্ত্র ও সরবরাহ স্থাপনা, যোদ্ধাদের অবস্থান এবং সামরিক যানবাহন লক্ষ্য করা হয়েছে।
আল-নুজাইলি দাবি করেন, হামলায় কয়েকটি সামরিক যান ও অন্যান্য সরঞ্জাম ধ্বংস হয়েছে এবং কয়েকজন হুথি যোদ্ধা নিহত বা আহত হয়েছেন। এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, খামিস মুশাইত ও জাজানের দিকে ছোড়া হুথি ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। জোটের মদিনার তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ হুথিরা অস্বীকার করেছে।