ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতনের অভিযোগ এবং কেন্দ্রীয় সরকারের নীরবতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। শুক্রবার বাদ জুমা সিলেট নগরীর বন্দরবাজার জামে মসজিদ থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে সমাবেশে পরিণত হয়।
সমাবেশে মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নিজাম উদ্দিন সভাপতিত্ব করেন এবং কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালেক চৌধুরী প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। বক্তারা অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে নির্বাচনের পর মুসলমানদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, মসজিদ ও মাদ্রাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে এবং মুসলিম নারীদের ওপরও নির্যাতন চলছে। তারা এসব ঘটনাকে মানবতাবিরোধী বলে আখ্যা দেন এবং আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ দাবি করেন।
বক্তারা ধর্মীয় সহাবস্থান ও সহনশীলতার গুরুত্ব তুলে ধরে পশ্চিমবঙ্গে মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিকে দেশের স্বার্থবিরোধী উল্লেখ করে তা বাতিলের দাবি জানান।