ইরানের সঙ্গে চলমান যুদ্ধ এবং ইয়েমেনে সৌদি-হুথি সংঘাত নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা শুক্রবার ক্যাম্প ডেভিডে রুদ্ধদ্বার বৈঠক করেছেন। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস তিন কর্মকর্তার বরাতে জানিয়েছে, বৈঠকটি আগে থেকে নির্ধারিত ছিল না।
কয়েক ঘণ্টাব্যাপী গোপন বৈঠকে সভাপতিত্ব করেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এতে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, বিশেষ দূত স্টিভ উইটকফ, সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন অংশ নেন। এক মার্কিন কর্মকর্তা বলেন, দীর্ঘ আলোচনার পর কয়েকটি বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে।
ইরানের সঙ্গে আলোচনা স্থবির হওয়ায় ট্রাম্প বড় পরিসরে সামরিক অভিযান পুনরায় শুরুর বিষয়টি বিবেচনা করছেন। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, পেন্টাগন মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ ও অতিরিক্ত মেরিন পাঠানোর প্রস্তুতি নিচ্ছে, যাতে সর্বোচ্চ ১০ হাজার অতিরিক্ত সেনা মোতায়েন হতে পারে। কর্মকর্তারা বলেছেন, এসব বাহিনী নভেম্বরের শেষ নাগাদ পৌঁছাতে পারে। সমঝোতা না হলে নভেম্বরের শুরুর মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে ফের হামলার সিদ্ধান্ত নিতে পারেন বলে ট্রাম্প আগে জানিয়েছিলেন।