হরমুজ প্রণালিতে উত্তেজনা বেড়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ইরানের পতাকাবাহী “তৌস্কা” নামের একটি জাহাজ জব্দ করার পর। কয়েক দিনের মধ্যেই ইরান তিনটি জাহাজে হামলা চালায় এবং দুটি জাহাজ আটক করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, সতর্কবার্তা অমান্য করায় মার্কিন নৌবাহিনী জাহাজটি জব্দ করে।
এর প্রতিক্রিয়ায় ইরান ঘটনাটিকে যুদ্ধবিরতি লঙ্ঘন ও “সশস্ত্র দস্যুতা” হিসেবে আখ্যা দিয়ে দ্রুত পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি দেয়। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানায়, তারা হরমুজ প্রণালির চলাচল নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।
পরবর্তীতে আইআরজিসি দাবি করে, তারা “এমএসসি ফ্রান্সেসকা” ও “এপামিনন্ডাস” নামের দুটি জাহাজ আটক করেছে। তাদের অভিযোগ, জাহাজ দুটি অনুমতি ছাড়াই চলাচল করছিল, গোপনে প্রণালি ত্যাগের চেষ্টা করছিল এবং নেভিগেশন সিস্টেমে কারসাজি করেছিল। বিবিসি জানায়, এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা যায়নি।