নোয়াখালীর ভাসানচরে স্পিডবোটে করে পালানোর চেষ্টাকালে তিন পরিবারের মোট ৯ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। রোববার, ২ আগস্ট বিকেল প্রায় ৪টার দিকে ভাসানচরের ১১২ নম্বর ডিউটি পোস্টসংলগ্ন এলাকায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং পুলিশের যৌথ তৎপরতায় এ আটক করা হয়।
দায়িত্বরত আনসার সদস্যরা একটি স্পিডবোটে কয়েকজন রোহিঙ্গার সন্দেহজনক চলাচল লক্ষ্য করেন। এরপর তারা পুলিশ সদস্যদের সঙ্গে সমন্বয় করে অভিযান চালান। অভিযানে ওই তিন পরিবারের ৯ জনকে তাদের সঙ্গে থাকা বিভিন্ন মালামালসহ হাতেনাতে আটক করা হয়।
অভিযানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ব্যাটালিয়ন সদস্য সিপাহি মো. আবদুর রহমান এবং পুলিশের নায়েক মো. আজমুল ও কনস্টেবল মো. আবু বকর নেতৃত্ব দেন। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে আটক ব্যক্তিদের পুনরায় ভাসানচরে ফিরিয়ে নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র বলেছে, ভাসানচরের নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীগুলোর সদস্যরা সার্বক্ষণিক সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছেন।