ইরানের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে সিঙ্গাপুরভিত্তিক পণ্য ব্যবসায়ী প্রতিষ্ঠান ওয়েলব্রেড ক্যাপিটালের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ফরেন অ্যাসেটস কন্ট্রোল অফিস সোমবার ওয়েবসাইটে এ তথ্য জানায় বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। ওয়াশিংটন অভিযোগ করেছে, প্রতিষ্ঠানটির সঙ্গে ইরানের প্রয়াত জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা আলি শামখানির ছেলে মোহাম্মদ হোসেইন শামখানির সম্পৃক্ততা রয়েছে।
মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, ওয়েলব্রেড ক্যাপিটাল মূলত মোহাম্মদ হোসেইন শামখানির নিয়ন্ত্রণে পরিচালিত হয়। তিনি ট্যাংকার ও পণ্যবাহী জাহাজের একটি বড় বহর পরিচালনা করেন। এসব জাহাজের মাধ্যমে ইরান ও রাশিয়ার তেল বিশ্বের বিভিন্ন ক্রেতার কাছে পরিবহন করা হয়। যুক্তরাষ্ট্র বলেছে, ইরানের মূল ব্যবসায়িক নেটওয়ার্কের বাইরে শামখানি প্রতিষ্ঠানটি গড়ে তুললেও এর পরিচালনায় তাঁর নিয়ন্ত্রণ রয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় ওয়েলব্রেড ক্যাপিটালের দুবাই ও জেনেভা শাখার পাশাপাশি ফ্রান্সে থাকা একটি জৈব জ্বালানি শোধনাগারও পড়েছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে তেল ও অর্থ বিদেশে সরিয়ে নিতে সহায়তার অভিযোগে বিভিন্ন প্রতিষ্ঠান ও সরকারের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সূত্রে বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলায় আলি শামখানি নিহত হন।