ভারতে সংখ্যালঘু মুসলমানদের ওপর পদ্ধতিগত রাষ্ট্রীয় নিপীড়ন, নির্বাচন-উত্তর সহিংসতা এবং পশ্চিমবঙ্গের নবগঠিত সরকারের গরু জবাই নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শুক্রবার এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ বলেন, এসব পদক্ষেপ মুসলমানদের ধর্মীয় ও অর্থনৈতিক অধিকারের ওপর আঘাত এবং ঈদুল আজহার আগে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে।
বিবৃতিতে বলা হয়, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর কোচবিহার, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতাসহ বিভিন্ন জেলায় মুসলমানদের লক্ষ্য করে ৩৪টিরও বেশি পরিকল্পিত সহিংসতা হয়েছে। মানবাধিকার সংস্থা এপিসিআর-এর প্রতিবেদন উদ্ধৃত করে ছাত্রশিবির জানায়, বহু মুসলিম পরিবারের ঘরবাড়ি, ব্যবসা ও মসজিদে হামলা হয়েছে। সংগঠনটি আসাম, কাশ্মীর ও বাবরি মসজিদ ইস্যুসহ ভারতের মুসলমানদের ওপর চলমান নিপীড়নের উদাহরণ তুলে ধরে।
ছাত্রশিবির অবিলম্বে পশ্চিমবঙ্গে সহিংসতা বন্ধ ও গরু জবাই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানায় এবং জাতিসংঘ, ওআইসি, আরবলীগসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি ভারতের মুসলমানদের ওপর নিপীড়নের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।