যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে যুদ্ধ এবং ইরানি বন্দর অবরোধের মধ্যেই ইরানের জন্য স্থলপথে বাণিজ্য রুট খুলে দিয়েছে পাকিস্তান। নতুন এই রুট পাকিস্তানের করাচি, পোর্ট কাসিম ও গোয়াদর বন্দরকে ইরানের গাব্দ ও তাফতান সীমান্তের সঙ্গে যুক্ত করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, গোয়াদর-গাব্দ করিডরটি সবচেয়ে সংক্ষিপ্ত, যা দিয়ে ইরান সীমান্তে পৌঁছাতে মাত্র দুই থেকে তিন ঘণ্টা সময় লাগবে, যেখানে করাচি থেকে সময় লাগত ১৬ থেকে ১৮ ঘণ্টা। এতে পরিবহন খরচ ৪৫ থেকে ৫৫ শতাংশ পর্যন্ত কমবে।
বিশ্লেষকেরা মনে করছেন, এই করিডর পাকিস্তানের আফগানিস্তান-নির্ভরতা কমিয়ে দেবে, কারণ সীমান্ত সংঘর্ষের কারণে তোরখাম ও চামান রুট এখন অনির্ভরযোগ্য। নিরাপত্তা বিশ্লেষক ইফতিখার ফিরদৌস বলেছেন, পাকিস্তান এখন পশ্চিমমুখী বাণিজ্যে আফগানিস্তানকে এড়িয়ে যেতে পারবে, যা দেশটিকে পশ্চিম এশিয়ায় চীন-সমর্থিত বাণিজ্য রুটের প্রবেশদ্বার হিসেবে প্রতিষ্ঠিত করবে। তবে সীমান্তে নিরাপত্তা ঝুঁকি নিয়েও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এই সিদ্ধান্ত ইরান-পাকিস্তান বাণিজ্য সচল রাখতে সহায়ক হতে পারে, যদিও এটি তেহরানের ওপর মার্কিন চাপের কৌশলে কী প্রভাব ফেলবে তা নিয়ে প্রশ্ন উঠেছে।