টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘বি’ গ্রুপে ওমানকে ১০৫ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। টসে হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ২২৫ রান তোলে লঙ্কানরা, যা চলতি আসরের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। কুশল মেন্ডিস ৪৫ বলে ৬১, পবন রত্নায়েকে ২৮ বলে ৬০ এবং অধিনায়ক দাসুন শানাকা ২০ বলে ৫০ রান করেন।
জবাবে ওমান শুরু থেকেই চাপে পড়ে এবং ২০ ওভারে ৯ উইকেটে ১২০ রানে থামে তাদের ইনিংস। মোহাম্মদ নাদিম ৫৬ বলে অপরাজিত ৫৩ এবং ওয়াসিম আলী ২৭ রান করেন। শ্রীলঙ্কার হয়ে মাহিশ তিকশানা ও দুশমন্থ চামিরা দুটি করে উইকেট নেন। ম্যাচসেরা নির্বাচিত হন পবন রত্নায়েকে।
এই জয়ে ৪ পয়েন্ট ও +৩.১২৫ নেট রানরেট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে সমান পয়েন্টে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে, আর ওমান ও আয়ারল্যান্ড দুই ম্যাচে পয়েন্টশূন্য।