অধিকৃত পূর্ব জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধে ইসরাইলের দেওয়া ৩০ দিনের সময়সীমা শেষ হওয়ার পর ভবন থেকে ‘ব্রিটিশ কনস্যুলেট জেনারেল’ লেখা সাইনবোর্ড ও কনস্যুলার বিভাগের একটি ফলক সরানো হয়েছে। বৃহস্পতিবার রয়টার্সের সাংবাদিকেরা এসব দেখেন। তবে ভবনের ওপর যুক্তরাজ্যের পতাকা উড়তে দেখা গেছে। যুক্তরাজ্যের আরোপ করা নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় গত মাসে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার কনস্যুলেট বন্ধের নির্দেশ দেন।
যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার মধ্যে অবৈধ ইসরাইলি বসতিতে উৎপাদিত পণ্য আমদানিতে নিষেধাজ্ঞাও রয়েছে। জাতিসংঘ ও অধিকাংশ দেশ এসব বসতিকে আন্তর্জাতিক আইনের অধীনে অবৈধ মনে করে, যদিও ইসরাইল এ অবস্থান প্রত্যাখ্যান করে। ইসরাইলি গণমাধ্যমের অসমর্থিত প্রতিবেদনে বলা হয়েছে, কনস্যুলেট বন্ধ হলে ২৭ জন ইসরাইলি কূটনীতিককে বহিষ্কারের হুমকি দিয়েছে যুক্তরাজ্য। এ বিষয়ে কনস্যুলেট তাৎক্ষণিক মন্তব্য করেনি।
কনস্যুলেটটি চালু রাখতে যুক্তরাজ্য চেষ্টা করেছিল এবং দেশটির জাতীয় নিরাপত্তাবিষয়ক শীর্ষ উপদেষ্টা গত সপ্তাহে ইসরাইলে গিয়ে আলোচনা করেন। তবে ইসরাইল সিদ্ধান্তে অনড় রয়েছে। শেখ জাররাহর কনস্যুলেটটি জেরুজালেম, অধিকৃত পশ্চিম তীর ও গাজায় ফিলিস্তিনিদের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক দেখভাল এবং কনস্যুলার সেবা দেয়। কনস্যুলেটের কার্যক্রম বা কূটনীতিকদের অবস্থান নিয়ে বুধবার ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর কোনো মন্তব্য করেনি।