জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) হাওরাঞ্চলে চলমান বোরো মৌসুমে ধান কাটায় মারাত্মক বিঘ্নের প্রেক্ষিতে জরুরি সরকারি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। দলটি চার দফা দাবি উত্থাপন করেছে, যার মধ্যে রয়েছে পর্যাপ্তসংখ্যক কম্বাইন হারভেস্টার ও শ্রমিক সরবরাহ, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিশেষ প্রণোদনা ও ন্যায্য ক্ষতিপূরণ, ফসল রক্ষা বাঁধ দ্রুত মেরামত ও পানি নিষ্কাশন ব্যবস্থা জোরদার করা এবং সরকারি ধান সংগ্রহ কার্যক্রম দ্রুত শুরু করে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা।
এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও কৃষি সম্পাদক গোলাম মর্তুজা সেলিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নেত্রকোণা ও সুনামগঞ্জের বিস্তীর্ণ হাওরাঞ্চলে টানা বৃষ্টি, উজানের ঢল ও আকস্মিক প্লাবনে কৃষকরা পানিবন্দি অবস্থায় পাকা ধান রক্ষা করতে হিমশিম খাচ্ছেন। শ্রমিক সংকট, আধুনিক কৃষিযন্ত্রের অভাব ও দুর্বল বাঁধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়, সময়মতো কার্যকর পদক্ষেপ না নিলে জাতীয় খাদ্য নিরাপত্তা ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এনসিপি আশা প্রকাশ করেছে, সরকার দ্রুত পদক্ষেপ নিয়ে কৃষকের ফসল ও জীবিকা রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে।