আন্তর্জাতিক উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইরানকে সমঝোতার টেবিলে ফিরিয়ে আনতে জোরালো কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে পাকিস্তান। ১২ আগস্ট এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি এ উদ্যোগের কথা নিশ্চিত করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, দুই দেশের মধ্যে শান্তি প্রক্রিয়া বজায় রাখা এবং চলমান সংঘাত এড়াতেই ইসলামাবাদ এই পদক্ষেপ নিয়েছে।
আন্দ্রাবি জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি পুনর্বহাল এবং প্রণালী-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির লক্ষ্য নিয়ে স্বাক্ষরিত ‘ইসলামাবাদ স্মারক’ বা এমওইউ বাস্তবায়নে কাজ চলছে। এই উদ্যোগের অংশ হিসেবে ১০ আগস্ট পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইরান, সৌদি আরব ও কুয়েতের কর্মকর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন।
আঞ্চলিক নিরাপত্তা রক্ষার প্রচেষ্টার মধ্যে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি বর্তমানে তেহরান সফরে রয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের কৌশলগত ও প্রতিরক্ষা সম্পর্ক শক্তিশালী করার অংশ হিসেবে ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ নিয়ে আলোচনা এগিয়ে নেওয়া হচ্ছে।