জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারের কাছে ‘জাস্টিস কার্ড’ চালুর দাবি জানিয়েছেন। বুধবার সন্ধ্যায় কুমিল্লার নাঙ্গলকোটে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
তিনি বলেন, সরকার নানা ধরনের কার্ড যেমন ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করলেও জনগণ এখনো ন্যায়বিচার থেকে বঞ্চিত। তিনি অভিযোগ করেন, দেশে আইসিইউ সংকট, ঘুষ ছাড়া চাকরি না পাওয়া এবং থানাকেন্দ্রিক দালালচক্রের দৌরাত্ম্য অব্যাহত রয়েছে, ফলে সাধারণ মানুষ ন্যায্য সেবা পাচ্ছে না। সরকারের ব্যর্থতার সমালোচনা করে তিনি আরও বলেন, দেশে বিচারহীনতা, দুর্নীতি ও দমন-পীড়নের সংস্কৃতি চলছে, মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হয়েছে এবং গুম ও হত্যার ঘটনা বন্ধ হয়নি।
পথসভায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, কেন্দ্রীয় নেতা রিফাত রশিদ ও কুমিল্লা জেলা তত্ত্বাবধায়ক নাবিদ নওরোজ শাহসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।