বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সড়ক পরিবহন খাতে চাঁদাবাজি, সিন্ডিকেট ও অনিয়ম দীর্ঘদিনের সমস্যা। এই পরিস্থিতি মোকাবিলা এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে মাফিয়াতন্ত্রের অবসান ঘটাতে হবে বলে তিনি মন্তব্য করেন। বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।
বিএনপি নেতা নাজিম উদ্দীনের নেতৃত্বাধীন নতুন কমিটির সদস্যদের নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে রিজভী বক্তব্য দেন। তিনি আশা প্রকাশ করেন, সদ্য গঠিত সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কমিটি সড়কে আইনবহির্ভূত কাজ ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করবে।
রিজভীর মতে, এই কমিটির মাধ্যমেই পরিবহন খাত ঘিরে মাফিয়াবৃত্তির অবসান ঘটবে। তিনি বলেন, নতুন নতুন ধারণার মাধ্যমে পরিবহন খাত ঢেলে সাজানো হবে। খাতটিকে আইনসঙ্গত করা এবং যাত্রীসেবায় নতুন দৃষ্টান্ত স্থাপন করাই লক্ষ্য।