কপ-৩১ সম্মেলনের এক গোলটেবিল আলোচনায় বক্তারা বলেন, কৃষিতে জলবায়ু অর্থায়ন, টেকসই উৎপাদন প্রযুক্তি ও পদ্ধতি যথেষ্টভাবে ক্ষুদ্র কৃষকের কাছে পৌঁছাচ্ছে না। খাদ্যনিরাপত্তা ও জলবায়ু সহনশীলতার জন্য মাটির স্বাস্থ্য রক্ষা, কীটনাশকের ব্যবহার কমানো এবং নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত করার বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পেয়েছে। মৌসুমি বন্যা, সীমিত অর্থায়ন ও প্রযুক্তির অভাবে ক্ষুদ্র কৃষকেরা বেশি ঝুঁকিতে রয়েছেন।
আলোচনায় সরকারি, দাতা সংস্থা ও বেসরকারি খাতের বিনিয়োগ সমন্বয়, মিশ্র অর্থায়ন এবং বৈশ্বিক বিনিয়োগ প্ল্যাটফর্ম ব্যবহারের ওপর জোর দেওয়া হয়। বক্তাদের মতে, কীটনাশক কমালে উৎপাদন ব্যয়, মাটি ও পানিদূষণ এবং মাছসহ জলজ প্রাণীর ক্ষতি কমতে পারে। প্যারিস চুক্তিতে খাদ্যনিরাপত্তা, অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা, অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বৃদ্ধির অঙ্গীকার থাকলেও ক্ষুদ্র কৃষকের কাছে সেগুলো পৌঁছানো এখনো চ্যালেঞ্জ।
বাংলাদেশের জন্য এনএপি ও এনডিসিতে কৃষি, মৎস্য ও নিরাপদ পানিকে একসঙ্গে অন্তর্ভুক্ত করে বিনিয়োগযোগ্য প্রকল্প নেওয়ার কথা বলা হয়েছে। সহজ শর্তের অর্থায়ন, শস্যবিমা ও স্বচ্ছ পর্যবেক্ষণব্যবস্থার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। বন্যা ও লবণাক্ততাসহিষ্ণু ফসল, আগাম সতর্কবার্তা এবং মাটি পরীক্ষার প্রযুক্তি সহজলভ্য করার পাশাপাশি কৃষক-জেলে সংগঠন ও সমবায়ে সরাসরি অর্থ পৌঁছানোর দাবি উঠেছে।