ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ২৫ কোটি টাকা আত্মসাৎ এবং হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থপাচারের অভিযোগে করা মামলায় সাবেক চেয়ারম্যান এম এ সবুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. হাসানুল ইসলামের আদালত। বুধবার, ১২ আগস্ট আদালত এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর মোকাররম হোসাইন জানান, এম এ সবুর আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করলেও শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করেন। মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তাঁর স্ত্রীসহ মোট ৩৬ জন আসামি রয়েছেন। অভিযোগপত্রে একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে ২৫ কোটি টাকা ঋণ অনুমোদনের কথা বলা হয়েছে।
দুদকের অভিযোগ অনুযায়ী, ঋণের অর্থ বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তরের পর কর্মচারীদের মাধ্যমে উত্তোলন করে হুন্ডিতে বিদেশে পাচার করা হয়। গত ১৭ মে হাইকোর্ট এম এ সবুরকে আট সপ্তাহের মধ্যে চট্টগ্রামের জ্যেষ্ঠ মহানগর বিশেষ জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিলেও বুধবার তিনি উপস্থিত হননি। তদন্ত কর্মকর্তা মশিউর রহমান গত ৫ জানুয়ারি ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন; বিচারকাজে এ পর্যন্ত ৩৭ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।